কভিড-১৯ ভাইরাস প্রতিরোধে বিধিনিষেধ শিথিল করছে চীন। এতে দেশটির বাজারে অব্যাহত বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা। এ কারণেই ঊর্ধ্বমুখী হয়ে উঠছে পণ্যটির আন্তর্জাতিক বাজার। খবর রয়টার্স।
এদিকে রাষ্ট্রীয় মজুদের জন্য আবারো অপরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টিও বাজার ঊর্ধ্বমুখী হয়ে ওঠার ক্ষেত্রে রসদ জুগিয়েছে।
আইসিই ফিউচারসে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৪২ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের গড় মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ৪৬ সেন্টে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শের দাম ৩৮ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৭৪ ডলার ৬৭ সেন্টে।
প্রসঙ্গত, আগামী বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদায় উল্লম্ফনের পূর্বাভাস দিয়েছে রফতানিকারক দেশগুলোর জোট ওপেক। জোটটি বলছে, চীন কভিড-১৯-সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করায় দেশটির অর্থনীতিতে গতি ফিরতে পারে। ফলে শিল্প-কারখানাসহ অন্যান্য খাতে জ্বালানি তেলের চাহিদা বাড়বে ব্যাপক হারে।










