লন্ডন মেটাল এক্সচেঞ্জ (এলএমই) ও সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে নিম্নমুখী হয়ে উঠেছে অ্যালুমিনিয়ামের মজুদ। সরবরাহ সংকটের আশঙ্কায় বাড়ছে ধাতুটির দাম। তবে আগামী বছর বাড়তি সরবরাহ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।
সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে বর্তমানে অ্যালুমিনিয়ামের মজুদ দাঁড়িয়েছে ৯২ হাজার ৩৭৩ টনে, যা কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোয় এলএমইতেও মজুদ কমেছে লক্ষণীয় মাত্রায়। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৯৫০ টনে।
মজুদ কমার কারণে সর্বশেষ কার্যদিবসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৩৭৬ ডলারে।
তবে চলতি বছর বিশ্ববাজারে ধাতুটির গড় দাম কমেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা দাম কমার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে। বিশেষ করে ধাতুটির শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে লকডাউন ও করোনা প্রতিরোধসংক্রান্ত নানা বিধিনিষেধ ধাতুটির চাহিদা প্রবৃদ্ধির গতি শ্লথ করে তুলেছে। পাশাপাশি প্রপার্টির মার্কেটে অস্থিরতাও দাম কমতে সহায়তা করেছে। বছরের এখন পর্যন্ত ১৫ শতাংশ কমেছে অ্যালুমিনিয়ামের দাম।










