বিশ্ববাজারে পোর্শের গাড়ি বিক্রি ১৬ শতাংশ কমেছে। জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটি বিশ্বজুড়ে মোট ১ লাখ ৭৮ হাজার ৫৩২টি গাড়ি সরবরাহ করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ২ লাখ ১২ হাজার ৫০৯টি। মূলত চীনে গাড়ি বিক্রির মন্থর গতিকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে পোর্শে। গত শুক্রবার জার্মানির বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এসব তথ্য জানায়।

পোর্শের তথ্যানুযায়ী, বছরের প্রথম নয় মাসে চীনে কোম্পানির বিক্রি সবচেয়ে বেশি, অর্থাৎ ৩৩ শতাংশ কমেছে। উত্তর আমেরিকা এখনো পোর্শের সবচেয়ে বড় বাজার। সেখানেও বিক্রি ১৩ শতাংশ কমে ৫৬ হাজার ৮৮টিতে দাঁড়িয়েছে। তবে এ পতনের ধারা সত্ত্বেও পোর্শের জনপ্রিয় স্পোর্টস গাড়ি ‘৯১১’-এর চাহিদা ১২ শতাংশ বেড়েছে। কঠিন বাজার পরিস্থিতিতেও স্বল্পমেয়াদি বিক্রির লক্ষ্যের চেয়ে ব্র্যান্ডের দীর্ঘমেয়াদি উন্নয়নকে বেশি প্রাধান্য দিচ্ছে প্রতিষ্ঠানটি। খবর আনাদোলু