কর্মী স্বল্পতার সমস্যায় হিথরো বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করা এয়ারলাইনসগুলোর যাত্রী সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত আরো কিছু সময় বলবৎ থাকছে। আপাতত যুক্তরাজ্যের স্কুলের অর্ধবার্ষিক ছুটির সময় পর্যন্ত এ পদক্ষেপ চলমান থাকবে। খবর বিবিসি।

বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে আলোচনার ভিত্তিতে দৈনিক এক লাখ যাত্রী বিমানবন্দর ছেড়ে যাওয়ার সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এসব পদক্ষেপের ফলে আরো নির্ভরযোগ্য যাত্রা সম্পন্ন করা যাবে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় এ বিমানবন্দরটি জানিয়েছে, এ পদক্ষেপের ফলে যাত্রীদের আরো ভালো পরিষেবা দেয়া সম্ভব হবে।

গত জুলাইয়ে যখন প্রথম যাত্রী সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয় তখন সেটা ১১ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে বলা হয়েছিল। এর আগে এ মাসের শুরুর দিকে শুধু যাত্রীসংখ্যা সীমিত করার অংশ হিসেবে ব্রিটিশ এয়ারওয়েজ স্বল্পদূরত্বের টিকিট বিক্রি বন্ধ করে দেয়।