থাইল্যান্ডে গাড়ি তৈরির পরিকল্পনা করছে বিওয়াইডি। দেশটিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম উৎপাদন হাব গড়ে তুলতে চায় চীনের শীর্ষ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর নিক্কেই এশিয়া।

থাইল্যান্ডের বোর্ড অব ইনভেস্টমেন্টের (বিওআই) একজন কর্মকর্তার মতে, বিওয়াইডি মোট ১ হাজার ৭৯০ কোটি বাথ (৪৮ কোটি ৮০ লাখ ডলার) বিনিয়োগ করবে। এ লক্ষ্যে সংস্থাটি রেয়ং প্রদেশে ১১২ হেক্টার জমি কিনবে। আগামী সপ্তাহে দেশটির রিয়েল এস্টেট ডেভেলপার ডব্লিউএইচএর সঙ্গে বিওয়াইডির চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে।

ডব্লিউএইচএর সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জারিপোর্ন জারুকর্নসাকুল বলেন, ডব্লিউএইচএ গ্রুপ রেয়ং প্রদেশে একটি বড় প্লট বিক্রির জন্য চুক্তি করতে যাচ্ছে। তবে তিনি এ চুক্তির বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন।

গত মাসে বিওআই বিওয়াইডিকে পূর্বে দেয়া একটি বিনিয়োগের বিশেষাধিকার অনুমোদন করেছে। ইভি নির্মাতাকে এখন তিন বছরের মধ্যে বিনিয়োগ শুরু করতে হবে।

এদিকে থাইল্যান্ডে ইভি বিক্রি বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। থাই সরকার ভর্তুকি দেয়ায় গাড়ির দামও কমে যাবে বলে আশা করা হচ্ছে। ইভি বিক্রি বাড়াতে এবং এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে ভর্তুকির ঘোষণা দিয়েছে সরকার। এ ভর্তুকির পরিমাণ ইভিপ্রতি ১ লাখ ৫০ হাজার বাথ পর্যন্ত হতে পারে।

অন্য একটি পদক্ষেপে দেশটির সরকার গত ৯ জুন বিদ্যুচ্চালিত গাড়ির আমদানি শুল্ক ৮ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছে। দেশটিতে ইভি উৎপাদন শুরু করতে সংস্থাগুলোর প্রতিশ্রুতির বিনিময়ে শুল্ক কমানো হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে আসিয়ানের ইভি উৎপাদন হাবে পরিণত হতে চায় থাইল্যান্ড। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দেশটিতে বিক্রি হওয়া মোট গাড়ি বিক্রিতে ইভির হিস্যা ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য দেশটির।

১৯৯৫ সালে রিচার্জেবল ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে প্রতিষ্ঠিত বিওয়াইডি এখন বিশ্বজুড়ে ইভি নির্মাতা হিসেবে পরিচিতি পাচ্ছে। এরই মধ্যে সংস্থাটি বিশ্বের শীর্ষ ইভি নির্মাতাদের একটিতে পরিণত নিয়েছে। বিশ্বের ৩০টিরও বেশি শিল্প পার্কে উপস্থিতি রয়েছে বিওয়াইবির। ইলেকট্রনিকস, অটোমোবাইল, নতুন জ্বালানি ও রেল ট্রানজিটের মতো খাতগুলোয় ব্যবসা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।