সর্বোচ্চসংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মূলত দেশের রফতানি খাতে অসামান্য অবদান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রফতানিকারকদের সম্মাননা জানাতে এ আয়োজন করা হচ্ছে। এইচএসবিসি বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এবার চারটি ক্যাটাগরিতে ‘বছরের সেরা রফতানিকারক’ নির্বাচনের সুযোগ থাকছে। এগুলো হলো রফতানিতে এক্সিলেন্স—তৈরি পোশাক শিল্প (আরএমজি); আরএমজি ব্যাকওয়ার্ড লিংকেজ; অসনাতন ও উদীয়মান ক্ষেত্র—ম্যানুফ্যাকচারিং এবং অসনাতন ও উদীয়মান ক্ষেত্র—সার্ভিস।
আরএমজি ক্যাটাগরিতে বার্ষিক রফতানি আয় ১০ কোটি ডলার বা তার বেশি এমন প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। এক্ষেত্রে এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত সব ধরনের অ্যাপারেল পণ্য অন্তর্ভুক্ত হবে। আরএমজি ব্যাকওয়ার্ড লিংকেজ ক্যাটাগরিতে বার্ষিক রফতানি আয় ৫ কোটি ডলার বা তার বেশি হতে হবে। এতে আরএমজি ও ম্যানুফ্যাকচারিং খাতকে সহায়তা করে এমন পণ্য অন্তর্ভুক্ত।
অসনাতন ও উদীয়মান ক্ষেত্র—ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বার্ষিক রফতানি আয় ১ কোটি ডলার বা তার বেশি হতে হবে। ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, প্লাস্টিক, ফার্নিচার, জুতা, চামড়াজাত পণ্য, এগ্রো প্রসেসিং ও অটোমোটিভ কম্পোনেন্টস এ ক্যাটাগরির আওতাভুক্ত। আর সার্ভিস ক্যাটাগরিতে বার্ষিক রফতানি আয় ৫০ লাখ ডলার বা তার বেশি হতে হবে। পেশাদার, ডিজিটাল ও জ্ঞানভিত্তিক সেবা এ ক্যাটাগরিতে বিবেচিত হবে।
এবারের আয়োজনের পৃষ্ঠপোষক বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকার ব্রিটিশ হাইকমিশন। টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে আর্নেস্ট অ্যান্ড ইয়ং। জুরি প্যানেলে থাকবেন এইচএসবিসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম, বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকার ব্রিটিশ হাইকমিশনের নির্বাচিত সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে দেশের রফতানি ও সামগ্রিক অর্থনীতিতে অবদান, সামাজিক দায়িত্ববোধ, টেকসই পরিচালন প্রক্রিয়া, ডাইভার্সিটি এবং রেগুলেটরি কমপ্লায়েন্সসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। অংশগ্রহণের জন্য কোনো এন্ট্রি ফি নেই। একই সঙ্গে অংশগ্রহণকারীর এইচএসবিসির গ্রাহক হওয়াও বাধ্যতামূলক নয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠানগুলো নিজেদের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানকেও মনোনয়ন দিতে পারবে। মনোনয়ন ফরম ও বিস্তারিত তথ্য এইচএসবিসি বাংলাদেশের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।










