সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন রেহানা রহমান। গতকাল পরিচালনা পর্ষদের ৭৪৪তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। এর আগে রেহানা রহমান সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সফল নারী উদ্যোক্তা রেহানা রহমান বর্তমানে বেঙ্গল ট্রেডওয়েজ লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিএইচবি বিল্ডিং টেকনোলজিস লিমিটেড এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রেহানা রহমান নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারপারসন। এছাড়া তিনি ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি।

খুলনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা রেহানা রহমান ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অর্থনীতিতে বিএ (সম্মান) ডিগ্রি অর্জন করেছেন। নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৮ সালে বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড এবং ২০০৯ সালে সবচেয়ে গতিশীল নারী উদ্যোক্তা পুরস্কারে ভূষিত হয়েছেন। —বিজ্ঞপ্তি