সংক্রমণ বৃদ্ধি সত্ত্বেও কভিড-১৯ নীতিতে পরিবর্তন এনেছে হংকং। দেশটিতে বিদেশ থেকে আগতদের জন্য বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিন এক সপ্তাহ থেকে কমিয়ে তিনদিন করা হয়েছে। হংকংয়ের শীর্ষ নির্বাহী জন লির বরাতে এ সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।
সোমবার হংকংয়ের শীর্ষ নির্বাহী জন লি বলেছেন, হংকংয়ে আগতদের অবশ্যই একটি হোটেলে তিনদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তারপর চারদিন চিকিৎসা নজরদারিতে থাকতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মানতে হবে এবং চলাচল সীমাবদ্ধ রাখতে হবে।
লি আরো বলেন, ঝুঁকির কারণগুলো নিয়ন্ত্রণ করতে বৈজ্ঞানিক প্রমাণ এবং ডাটা বিশ্লেষণ করা হয়েছে। তার পরই তিনদিনে কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আগামী সপ্তাহগুলোয় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে আট হাজার হতে পারে। এজন্য কোয়ারেন্টিনে নজরদারি এবং ভ্রমণকারীদের নিয়মিত কভিড-১৯ পরীক্ষা করতে হবে। এছাড়া যারা সংক্রমিত তাদের অবশ্যই আলাদা থাকতে হবে। আর যাদের কভিড-১৯ পরীক্ষা নেগেটিভ আসবে তারা পাবলিক বাস ব্যবহার করতে পারবে। এছাড়া মল ও বাজারেও প্রবেশ করতে পারবে। তবে তারা বার ও বিনোদন পার্কে প্রবেশ করতে পারবে না।









