এনার্জি ড্রিংক প্রস্তুতকারক সেলসিয়াস হোল্ডিংসে ৫৫ কোটি ডলার বিনিয়োগ করছে পেপসিকো। ছোট প্রতিষ্ঠানটিতে দীর্ঘমেয়াদি বিতরণ চুক্তির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পানীয় প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসি।
পেপসিকোর বিনিয়োগের খবরে সেলসিয়াসের শেয়ারদর ১১ শতাংশ বেড়েছে। এতে সব মিলিয়ে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে ৭৪৫ কোটি ডলারে।
সেলসিয়াস প্রত্যাশা করছে, বিদ্যমান খুচরা বিক্রেতাদের শেলফে আরো বেশি জায়গা পাবে সেলসিয়াস। সেই সঙ্গে আরো বেশি আলাদা স্টোর যেমন গ্যাস স্টেশনও বাড়াতে পারবে। প্রতিষ্ঠানটির সেই বিতরণ কার্যক্রমে সহায়তা করবে পেপসি।
২০০৫ সালে গড়ে ওঠে সেলসিয়াস। করোনা মহামারীর সময়ে এনার্জি ড্রিংক তৈরি করায় প্রতিষ্ঠানটিতে ব্যাপক প্রবৃদ্ধি দেখা যায়। বিভিন্ন কাজে ব্যস্ত এবং যারা ব্যায়াম করে এমন তরুণদের লক্ষ্য করেই এনার্জি ড্রিংক তৈরি করে সেলসিয়াস।









