পুনরায় দোহা আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে যাচ্ছে কাতার। ফুটবল বিশ্বকাপে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে এ উদ্যোগ নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। আগামী নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে ১০ লাখেরও বেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য দেশটির। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ন্যাশনাল নিউজের খবর অনুসারে, ২০১৪ সালে কাছাকাছি অবস্থিত হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পর থেকে দোহা বিমানবন্দর আধা অবসরে রয়েছে। সে সময় থেকে নতুন বিমানবন্দরটি রাষ্ট্রীয় এয়ারলাইনস কাতার এয়ারওয়েজের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। তবে দেশটির কর্তৃপক্ষ দোহা বিমানবন্দর পুনরায় চালু করা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে কুয়েতের জাজিরা এয়ারওয়েজ, আরব আমিরাতের ফ্লাইদুবাই, ওমানের সালামএয়ার ও তুরস্কের পেগাসাস এয়ারলাইনস ১৫ সেপ্টেম্বর থেকে দোহা বিমানবন্দরে টিকিট বিক্রি শুরু করেছে। বিমানবন্দরটি মূলত কাতারের রাজপরিবার ও ভিআইপিদের পাশাপাশি এয়ার ফোর্সের ফ্লাইটের জন্য ব্যবহূত হচ্ছে। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি দিয়ে কেবল জুনেই তিন লাখ যাত্রী পারাপার হয়েছে।