বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সঞ্জয় কুমার ভৌমিক। সম্প্রতি তিনি সংস্থাটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
নতুন এ বিসিক চেয়ারম্যান ১৯৯৪ সালে (১৩তম) বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে বিভিন্ন কাজে নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করেছেন।
পরবর্তীকালে সঞ্জয় কুমার ভৌমিক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন হওয়ায় ২০১৮ সালের ৮ নভেম্বর ওই মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে যোগ দেন। তিনি ২০২১ সালের ৭ সেপ্টেম্বর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনসহ বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। —বিজ্ঞপ্তি









