পরিবেশবান্ধব শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়ন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নেবে এনসিসি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে পৃথক দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি খাতের ব্যাংকটি। এ সময় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন ও বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বেসরকারি খাতের ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, চুক্তি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় অর্থায়ন করা হবে। প্রতিটি স্কিমে ১ হাজার কোটি টাকার তহবিল রয়েছে, যা পরিবেশবান্ধব শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়নের সুযোগ আরো বাড়াবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ইভিপি ও সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।










