প্রবাসী বাংলাদেশীদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব পণ্য চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। ব্যাংকটির দাবি, বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে এ ধরনের সেবা চালু করেছে তারা।

ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও কিমিওয়া সাদ্দাত, উপব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হুদা এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অলি আহাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

‘এনআরবিদের জন্য এনআরবি ব্যাংক’ স্লোগান সামনে রেখে চালু করা এ পণ্যের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের ব্যাংকিং সেবা প্রদানের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। তবে নতুন হিসাবের পরিচালন পদ্ধতি, অর্থ জমা ও উত্তোলনের শর্ত এবং গ্রাহক সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।