দেশজুড়ে ব্যাংকিং সেবা নেটওয়ার্ক আরো সম্প্রসারণের লক্ষ্যে কক্সবাজারের পেকুয়া উপজেলায় নতুন একটি শাখা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এর মাধ্যমে পেকুয়া ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবার পরিধি আরো বিস্তৃত হয়েছে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। এ সময় ডিএমডি ও হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন মো. কামাল হোসাইন সরকার; এসইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন মো. মাহবুব হোসাইন; এসইভিপি ও হেড অব জিএসএসডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মামুন অর রশীদসহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ট্রাস্ট ব্যাংকের পেকুয়া শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য আধুনিক এবং বিস্তৃত ব্যাংকিং পণ্য ও সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা ও উদ্যোক্তাদের ব্যাংকিং সুবিধার আওতায় আনয়ন, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং পেকুয়া ও পার্শ্ববর্তী এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করার ক্ষেত্রে শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।