জুলাইয়ে ভারতের পাইকারি মূল্যস্ফীতির হার ১৩ দশমিক ৯৩ শতাংশে দাঁড়ায়, যা গত পাঁচ মাসের সর্বনিম্ন। জুনে পাইকারি মূল্যস্ফীতি ছিল ১৫ দশমিক ১৮ শতাংশ। মৌলিক পণ্যসহ খাদ্যপণ্য, শিল্পোৎপাদিত পণ্যের মূল্যবৃদ্ধি কম হওয়ায় গত মাসে পাইকারি মূল্যস্ফীতির হার ধীর হয়েছে। খবর দ্য প্রিন্ট।
এ নিয়ে ভারতে টানা ১৬ মাসের মতো পাইকারি মূল্যস্ফীতির হার ১০ শতাংশের উপরে রয়েছে। জুনের তুলনায় গত মাসে পাইকারি মূল্যসূচক কমেছে মাত্র দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুতের মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।
এদিকে জুনে ডিজেলের মূল্যস্ফীতির হার ছিল ৫৪ দশমিক ৯ শতাংশ, যা এর আগের চার মাসের সর্বনিম্ন। গত মাসে তা ৭২ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়। জুনে এলপিজির দাম বৃদ্ধির হার ছিল ৫৩ দশমিক ২ শতাংশ। গত মাসে তা কমে দাঁড়ায় ৩২ শতাংশ। এসবই ভারতের পাইকারি মূল্যস্ফীতির হারে প্রভাব ফেলেছে।
জুনে খাদ্যপণ্যের পাইকারি মূল্যবৃদ্ধির হার ছিল ১২ দশমিক ৪১ শতাংশ। গত মাসে তা কমে ৯ দশমিক ৪১ শতাংশে দাঁড়ায়।








