কাঠবাদাম উৎপাদনকারীদের বৈশ্বিক শীর্ষ তালিকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সম্মিলিত অবস্থান বিশ্বে দ্বিতীয়। ২০১৮ সালে ইইউভুক্ত দেশগুলোয় পণ্যটির উৎপাদন রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছিল। তবে গত বছর তা রেকর্ড সর্বোচ্চ অবস্থান থেকে কমে এসেছে। এ সময় ইইউভুক্ত দেশগুলোয় কাঠবাদামের সম্মিলিত উৎপাদন ২ শতাংশের বেশি কমেছে। খবর এগ্রিমানি।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ইইউভুক্ত দেশগুলোয় সব মিলিয়ে ১০ লাখ ৯৫ হাজার টন কাঠবাদাম উৎপাদন হয়েছিল। পরের বছর এসব দেশে পণ্যটির উৎপাদন বেড়ে দাঁড়ায় ১২ লাখ ৩৮ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। ইইউর ইতিহাসে এটাই সবচেয়ে বেশি কাঠবাদাম উৎপাদনের রেকর্ড।
তবে প্রবৃদ্ধির ধারাবাহিকতা কাটিয়ে গত বছর ইইউভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে ১২ লাখ ১০ হাজার টন কাঠবাদাম উৎপাদন করেছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ২৬ শতাংশ কম। সে হিসাবে এক বছরের ব্যবধানে এসব দেশে পণ্যটির সম্মিলিত উৎপাদন কমেছে ২৮ হাজার টন।








