অ্যালুমিনিয়ামের শীর্ষ উত্তোলক ও ভোক্তা দেশ চীন। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটিতে ব্যবহারিক ধাতুটির উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ বেড়েছে। তবে সর্বশেষ মার্চে চীনে অ্যালুমিনিয়ামের দৈনিক উত্তোলন আগের তুলনায় কমে এসেছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর মেটাল বুলেটিন ও রয়টার্স।
চীনের সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশটিতে সব মিলিয়ে ৮৮ লাখ ৪০ হাজার টন অ্যালুমিনিয়াম উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি।
তবে প্রথম প্রান্তিকে সম্মিলিত উত্তোলন বাড়লেও মাসভিত্তিক হিসাবে মার্চে চীনের খনিগুলো থেকে ব্যবহারিক ধাতুটির দৈনিক উত্তোলনে মন্দা ভাব দেখা গেছে। গত মার্চে চীনে প্রতিদিন গড়ে ৯৫ হাজার ৮০০ টন অ্যালুমিনিয়াম উত্তোলন হয়েছে, যা আগের দুই মাসের গড়ের তুলনায় বেশ কম। এমনকি ২০১৯ সালের অক্টোবরের পর গত মাসে চীনে অ্যালুমিনিয়ামের দৈনিক গড় উত্তোলন সবচেয়ে কম ছিল।
খাতসংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারিতে চীনের উহান প্রদেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বেশি ছিল। দেশটির অন্যান্য অঞ্চলে প্রাণঘাতী ভাইরাসটি তখনো ছড়ায়নি। এ কারণে জানুয়ারিতে চীনে অ্যালুমিনিয়াম উত্তোলন হয়েছে বেশি। তবে ফেব্রুয়ারি-মার্চে এসে চীনের অনেক অঞ্চলে লকডাউন থাকায় ব্যবহারিক ধাতুটির উত্তোলন ক্রমেই কমে এসেছে। এর জের ধরে মার্চে অ্যালুমিনিয়াম উত্তোলন অনেকটাই কম ছিল। তবে জানুয়ারিতে বাড়তি উত্তোলনের জের ধরে বছরের প্রথম প্রান্তিকে ব্যবহারিক ধাতুটির সম্মিলিত উত্তোলনে চাঙ্গা ভাব বজায় ছিল।









