চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ছে মসলাজাতীয় ফসলের আবাদ। উৎপাদন বাড়াতে কৃষি অধিদপ্তর বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। স্থানীয় কৃষকদের দেয়া হচ্ছে বিভিন্ন রকম প্রশিক্ষণ। ভালো দাম পাওয়ায় কৃষকরাও আবাদ বাড়াতে আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছয় বছরে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মসলার আবাদ বেড়েছে ৭০ হেক্টর জমিতে। তবে অনাবৃষ্টির কারণে আদা আবাদ কিছুটা কমেছে।
চলতি বছর উপজেলায় মোট ৪২০ হেক্টর জমিতে মসলা আবাদ হয়েছে। এর মধ্যে আদা ২৫ হেক্টর, হলুদ ২৫ হেক্টর ও মরিচ ৩৭০ হেক্টর জমিতে। ৩৭০ হেক্টরের মধ্যে রবি মৌসুমে ৩৬০ হেক্টর ও খরিপ মৌসুমে ১০ হেক্টর আবাদ হয়েছে। ২০২২ সালে মোট মসলা আবাদ হয়েছিল ৪০২ হেক্টর জমিতে। এর মধ্যে মরিচ ৩৫০ হেক্টর, আদা ৩০ হেক্টর ও হলুদ ২২ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘মিরসরাইয়ে ধীরে ধীরে বাড়ছে মসলাজাতীয় ফসলের আবাদ। আমরা দুই বছর ধরে মসলা আবাদে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে আসছি। এ সময় ১২০ জন কৃষক প্রশিক্ষণ শেষে মসলা আবাদ করেছেন।’










