২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নগর ও গ্রামাঞ্চলে নিরাপদ পানির সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হচ্ছে। সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।
স্থানীয় সরকার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, যাতায়াত ও পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান, পরিবেশ উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থার আওতায় জনগণকে সেবা প্রদান করা হচ্ছে। আধুনিক নগর ব্যবস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন শহরে সড়ক অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক পয়ঃনিষ্কাশন ও প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচি নেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, সমগ্র দেশের গ্রামাঞ্চলে নিরাপদ পানির উৎস নির্মাণ, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ, পানি শোধনাগার স্থাপনের কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে। এছাড়া সারা দেশে কমিউনিটি/স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ/রক্ষণাবেক্ষণ, ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনা এবং ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং প্রতিটি বাড়িকে স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।















