ব্রিটিশ এয়ারওয়েজের প্রায় ১৬ হাজার কর্মীর বেতন বাড়ছে। যুক্তরাজ্যের রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটির এসব কর্মীর বেতন বাড়বে ১৩ শতাংশ পর্যন্ত। খবর দ্য গার্ডিয়ান।

ইউনিয়নের নেতারা বলছেন, চলতি গ্রীষ্মকালীন ছুটির মৌসুমের শুরুতে চেক-ইন কর্মীদের ধর্মঘটের হুমকির পর এ চুক্তির কাজ শুরু হয়েছিল। চুক্তিটি কেবিন ক্রু, প্রকৌশলী ও লাগেজ পরিচালনা করাসহ প্রতিষ্ঠানটির প্রায় ১৬ হাজার নন-ম্যানেজমেন্ট কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। করোনা মহামারীতে আন্তর্জাতিক ভ্রমণ স্থবির হয়ে যাওয়ায় এসব কর্মীর বেতন কমানো হয়েছিল। তবে নতুন চুক্তিটি এয়ারলাইনস কর্মীদের বেতন মহামারীপূর্ব পর্যায়ে ফিরতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

ইউনাইট ইউনিয়নের প্রতিনিধিত্বকারী প্রায় ৫০০ জন শ্রমিক চুক্তিটিতে সম্মত হওয়ায় জুলাইয়ে ধর্মঘট এড়ানো গিয়েছিল। বেতন চুক্তিটি বেশ কয়েকটি ভাগে বিভক্ত। শ্রমিকরা চলতি মাসে তাদের সামগ্রিক মজুরির ৫ শতাংশের সমপরিমাণ অর্থ পাবে। তারপরে সেপ্টেম্বরে তাদের সামগ্রিক বেতন ৫ শতাংশ বাড়বে। এছাড়া ডিসেম্বরে গিয়ে আরো একবার ৩ শতাংশ বাড়বে। ইউনাইট জানিয়েছে, এটি সামগ্রিকভাবে ১৩ শতাংশ বেতন বাড়াবে।

ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যারন গ্রাহাম বলেন, ইউনাইট ও আমাদের সদস্যরা ব্রিটিশ এয়ারওয়েজকে বেতন বাড়ানোর চুক্তিতে বসতে বাধ্য করেছে। এটি মহামারী চলাকালীন বেতন কমানোর ফলে সৃষ্ট ভোগান্তির জন্য ক্ষতিপূরণের মতো। তবে মহামারী চলাকালীন যে প্রতিকূল পরিবেশে কার্যক্রম পরিচালনা করেছে, সেদিক থেকে প্রতিষ্ঠানটির ওপর কর্মীদের আস্থা রাখার সুযোগ রয়েছে। তাছাড়া আমাদের সদস্যদের চাকরি, বেতন ও শর্তাবলির উন্নতিতে ইউনাইট মনোযোগ দিয়েছে।

এদিকে ব্রিটিশ কর্মীরা ভয়াবহ জীবনযাত্রার চাপের মধ্যে রয়েছে। ব্যাংক অব ইংল্যান্ড পূর্বাভাস দিয়েছে, অক্টোবরে জ্বালানি বিল আরো বেড়ে যাওয়ায় বছরের শেষ দিকে মূল্যস্ফীতি ১৩ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। নিম্ন বেকারত্ব হার এবং চাকরির রেকর্ড শূন্যপদের পটভূমিতে চলতি বছর অর্থনীতিজুড়ে মজুরি বেড়ে চলেছে।