দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে অর্থায়ন বাড়াতে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ওইইবি) সঙ্গে ২০ মিলিয়ন ইউরোর (প্রাইম ব্যাংকের) টার্ম লোন চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় প্রাপ্ত অর্থ যোগ্য এমএসএমই উদ্যোক্তাদের ঋণ হিসেবে বিতরণ করবে ব্যাংকটি। এর মাধ্যমে ব্যবসার প্রবৃদ্ধি, সম্প্রসারণ, বিনিয়োগ ও চলতি মূলধনের প্রয়োজন মেটাতে পারবেন উদ্যোক্তারা। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সম্প্রতি রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান, উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমিন এবং ওইইবির সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার ইলকা ভোগেল উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ উদ্যোগ দেশের এমএসএমই খাতে অর্থায়নের সুযোগ বাড়ানো এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ওইইবি ও প্রাইম ব্যাংকের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। ব্যাংকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন আকারের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রচলিত ও ইসলামী ব্যাংকিংয়ের আওতায় বিভিন্ন অর্থায়ন সুবিধা দিয়ে আসছে। এমএসএমই খাতে দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি খাতের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখাকে গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি।
ব্যাংকটি জানিয়েছে, নতুন ঋণসুবিধা এমএসএমই খাতের পরিবর্তনশীল অর্থায়ন চাহিদা পূরণে প্রাইম ব্যাংকের সক্ষমতা আরো বাড়াবে। এর মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের পাশাপাশি চলতি মূলধনের চাহিদা মেটাতে উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বাড়বে।










