বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, ‘পোশাক শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। কারণ বাংলাদেশ বর্তমানে ভ্যালু-অ্যাডেড, উচ্চমানের পোশাক সামগ্রীর দিকে এগিয়ে যাচ্ছে এবং এ স্থানান্তরের ফলে দেশের পোশাক শিল্পে দক্ষ শ্রমিক ও প্রফেশনালদের চাহিদা বেড়েছে।’
গতকাল চট্টগ্রামে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘পোশাক শিল্প সক্রিয়ভাবে প্রযুক্তিগত অগ্রগতি গ্রহণ করছে, যার জন্য শিল্পে উন্নত প্রযুক্তি এবং যন্ত্রপাতি পরিচালনা করতে সক্ষম, এ রকম একটি দক্ষ কর্মীবাহিনীর প্রয়োজন রয়েছে।’
ফারুক হাসান বলেন, ‘ফ্যাশন শিল্প উপকরণ থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া পর্যন্ত সব পর্যায়ে সাসটেইনেবিলিটি অন্তর্ভুক্ত করেছে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শিল্পে যথাযথ জ্ঞান এবং দক্ষতাসমৃদ্ধ পেশাজীবী বাহিনীর প্রয়োজন রয়েছে।’
চতুর্থ শিল্প বিপ্লবের ফলে পোশাক শিল্পে নিত্যনতুন প্রযুক্তি আসছে এবং শিল্প প্রযুক্তিনির্ভর হচ্ছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, ‘এ প্রেক্ষাপটে শিক্ষার্থীরা যাতে করে শিল্পের সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করতে পারে, সেজন্য সিবিইউএফটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিবিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ওবায়দুল করিম, বিজিএমইএর পরিচালক আবদুল্লাহ হিল রাকিব ও মো. এম মহিউদ্দিন চৌধুরী, সিবিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আবু তৈয়ব প্রমুখ।









