আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান-পতন দেখা গেছে। বৃহস্পতিবার মূল্যবান ধাতুটির দাম বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৭৫০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে গতকাল প্রতি আউন্স স্বর্ণের দাম ফের ১ হাজার ৭০০ ডলারের নিচে নেমে এসেছে। খবর মার্কেট ওয়াচ ও মাইনিংডটকম।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড বৃহস্পতিবার ঘোষণা দেয়, নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা এড়াতে আরো ২ লাখ ৩০ হাজার কোটি ডলার বরাদ্দ দেয়া হতে পারে। এর পর পরই স্বর্ণের বাজার চাঙ্গা হতে শুরু করে।

ফেডপ্রধান জেরোমি পাওয়েলের এমন ঘোষণায় ওই দিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ওঠে ১ হাজার ৭৫৪ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় আউন্সে ৭০ ডলার বেশি। এক দিনের ব্যবধানে মূল্যবান ধাতুটির দাম বেড়ে যায় ৪ দশমিক ২ শতাংশ। ২০১২ সালের নভেম্বরের পর এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম।

তবে এ মূল্যবৃদ্ধি স্থায়ী হয়নি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) প্রাইস ইনডেক্স অনুযায়ী, গতকাল যুক্তরাষ্ট্রের স্পটমার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৫ ডলারে।

তবে উত্থান-পতন অব্যাহত থাকলেও দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার চাঙ্গা থাকতে পারে বলে জানিয়েছে গোল্ডম্যান স্যাকস। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বৈশ্বিক মহামারী সহসাই কমার দৃশ্যমান কোনো লক্ষণ নেই। এ পরিস্থিতি নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের চাহিদা বাড়াবে। ফলে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।