বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করছে মিসর। এ বিষয়ে দুই দেশের মধ্যে দ্রুত একটি যৌথ প্রটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এমনটা জানান। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ ও দূতাবাসের দ্বিতীয় সচিব মিনা মাকারি উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘মিসরের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো সরকার গঠন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তার প্রশংসা করেছেন। গত বছর মিসর ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করা হয়েছে। এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেছেন।’
বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি বলেন, ‘মিসর আন্তরিকভাবে বিশ্বাস করে, বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। মিসর ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। সেজন্য মিসর বাংলাদেশের পাট-বস্ত্র, তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য ছাড়াও সাংস্কৃতিক শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।’
আলোচনায় জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে মিসর বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। বন্ধুপ্রতিম দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে। বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ পাট উৎপাদনকারী দেশ। বাংলাদেশে অতি উন্নতমানের পাট উৎপাদিত হয়। এখানকার উদ্যোক্তারা পাট দিয়ে ২৮২ ধরনের বহুমুখী পণ্য উৎপাদন করছে, যা বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও মিসরের পাট ও বস্ত্র খাত একসঙ্গে এগিয়ে যাবে। দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণ ও ব্যবসা-বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’









