সানফ্রান্সিসকো-ভিত্তিক প্রতিষ্ঠান উবারের আয় দ্বিতীয় প্রান্তিকে ১০৫ শতাংশ বেড়েছে। তার পরও প্রতিষ্ঠানটির নিট ক্ষতির পরিমাণ ২৬০ কোটি ডলার। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।
প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, খাদ্য সরবরাহ সেবাগুলোর ব্যাপক চাহিদার কারণে প্রত্যাশিত আয়ের চেয়ে ভালো করেছে তারা। এপ্রিল থেকে জুন এ তিন মাসে ১০৫ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়ে ৮১০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এতে বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কারণ শেয়ারবাজারে শেয়ারদর ১২ শতাংশ বেড়ে ২৭ ডলার ৫৮ সেন্টে পৌঁছেছে।
প্রতিষ্ঠানটি পণ্য পরিবহন থেকে ১৮০ কোটি ডলার লাভ করেছে। এছাড়া উবারের মাসিক সক্রিয় গ্রাহক, গ্রস বুকিং আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাইডশেয়ারিং ও খাদ্য সরবরাহ কার্যক্রমেও চালকের সংখ্যা বেড়েছে। এ থেকে বোঝা যায় যে উবারের প্রতি গ্রাহকদের চাহিদা বেড়েছে।
এ বিষয়ে উবারের সিইও দারা খসরুশাহী বলেন, ভোক্তা ও উপার্জনকারী উভয়ই সর্বকালের সর্বোচ্চ আয় করেছেন। গত প্রান্তিকে আমার দলকে নির্দিষ্ট সময়ের আগে লাভজনক পরিকল্পনাগুলো বাস্তবায়নের চ্যালেঞ্জ দিয়েছিলাম, তারা তা করতে পেরেছে। এজন্য আমাদের রাজস্ব বৃদ্ধি পেয়েছে।









