চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আয়ের পূর্বাভাস বাড়িয়েছে ইউনাইটেড এয়ারলাইনস। গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে চাহিদা বাড়ায় আগের পূর্বাভাসের চেয়েও বেশি আয় হবে বলে আশা করছে মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।

এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগোভিত্তিক ইউনাইটেড আশা করছে, জুলাই-সেপ্টেম্বর সময়ে সংস্থাটির আয় প্রাক-কভিড ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি হবে। এর আগে প্রাক-মহামারী স্তরের তুলনায় ১১ শতাংশ আয় বাড়ার পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি।

জেট ফুয়েলের উচ্চ দামের কারণে জ্বালানির পেছনে প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি অর্থ গুনতে হয়েছে ইউনাইটেড এয়ারলাইনসকে। তবে অন্যান্য খরচে লাগাম টেনে অতিরিক্ত এ ব্যয়ে ভারসাম্য আনতে পেরেছে সংস্থাটি। এখন ১০ দশমিক ৫ শতাংশ মুনাফা মার্জিনের আশা করা হচ্ছে। যেখানে এর আগের পূর্বাভাসে ১০ শতাংশের কথা বলা হয়েছিল।

ইউনাইটেডের বৈশ্বিক নেটওয়ার্কের দায়িত্বে থাকা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক কোয়েল বলেন, চলতি মাসেও শক্তিশালী ভ্রমণের চাহিদা অব্যাহত রয়েছে। গ্রীষ্মের শেষ দিকে মেক্সিকো, ক্যারিবীয় ও ইউরোপীয় গন্তব্যের ছুটির বুকিংয়ে পতনের আশঙ্কা করা হলেও তেমন কিছু ঘটেনি।

তবে এখনো করপোরেট ভ্রমণের সংখ্যা ২০১৯ সালের স্তরের নিচে রয়ে গিয়েছে। যদিও উচ্চ ভাড়ার কারণে আয় ওই বছরের সমান কিংবা ছাড়িয়ে গিয়েছে। মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগানের এয়ারলাইনস বিশ্লেষক জেমি বেকার বলেন, শক্তিশালী টিকিট বিক্রির বর্তমান প্রবণতা বছরের বাকি সময়েও অব্যাহত থাকবে। ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের টিকিট বুকিং ২০১৯ সালের পর্যায়ের ২০ শতাংশ উপরে রয়েছে। যদিও করপোরেট ভ্রমণের গতি অনিশ্চিত রয়ে গিয়েছে। এক্ষেত্রে অর্থনীতিতে মন্দার ভয় একটি কারণ হতে পারে। তবে বৃহত্তম এয়ারলাইনসগুলো এখনো করপোরেট ভ্রমণ কমার কথা জানায়নি।

এদিকে পৃথকভাবে ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছে, কার্যক্রম বাড়াতে দেয়া না হলে প্রতিষ্ঠানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করে দেবে। আগামী অক্টোবরের শেষে বিমানবন্দরটিতে পরিষেবা কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। জেটব্লু ও আমেরিকান এয়ারলাইনসের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে ফেডারেল নিয়ন্ত্রকের কাছে আরো বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চায় ইউনাইটেড। প্রধান নির্বাহী স্কট কিরবি গত সপ্তাহে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ভারপ্রাপ্ত প্রধান বিলি নোলেনের কাছে একটি চিঠিতে এ দাবি জানিয়েছেন।

এর প্রতিক্রিয়ায় এফএএ এক বিবৃতিতে জানিয়েছে, জেএফকে বিমানবন্দরে অতিরিক্ত ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নেয়া হলে সেখানে প্রতিযোগিতা বাড়াতে ন্যায্যভাবে বণ্টন ও একটি সুপ্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করা হবে।