এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের (টিএসসিএফপি) আওতায় টানা তৃতীয়বারের মতো পুরস্কার পেয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। এ বছর আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য ট্রেড ফাইন্যান্সে প্রবেশাধিকার সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংকটি ‘লিডিং এসএমই ট্রেড ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ঢাকা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি সিঙ্গাপুরে এডিবির ১২তম টিএসসিএফপি অ্যাওয়ার্ডস অ্যান্ড পার্টনার্স ডিনার অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আখলাকুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন এডিবির ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন বেক এবং সাউথ এশিয়া ইউনিটের প্রধান নেহা নরোনহা। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঢাকা ব্যাংকের ডিএমডি আখলাকুর রহমান বলেন, ‘এ অর্জন ট্রেড ফাইন্যান্সের ঘাটতি পূরণ, স্থানীয় ব্যবসাগুলোকে সক্ষম করে তোলা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সহজতর করার ক্ষেত্রে ব্যাংকের অব্যাহত অঙ্গীকারের স্বীকৃতি।’ ব্যবসা-বাণিজ্যের জন্য নতুন সুযোগ সৃষ্টি ও বাংলাদেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখতে এডিবির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব আরো জোরদার করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
২০০৯ সাল থেকে এডিবির টিএসসিএফপির আওতায় ‘ইস্যুইং ব্যাংক’ হিসেবে কাজ করছে ঢাকা ব্যাংক। এ কর্মসূচির মাধ্যমে এডিবি অংশীদার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে আন্তর্জাতিক বাণিজ্যের অর্থায়নে বিদ্যমান ঘাটতি মোকাবেলা করে। বিশেষত উন্নয়নশীল অর্থনীতির ব্যবসাগুলোর ক্ষেত্রে ব্যাংকগুলোর একক অর্থায়ন সক্ষমতার বাইরে থাকা ট্রেড ফাইন্যান্সের চাহিদা পূরণে এ উদ্যোগ সহায়তা করে।
এর আগে ২০২৪ সালে এডিবির টিএসসিএফপি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের ‘লিডিং পার্টনার ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পায় ঢাকা ব্যাংক। ২০২৫ সালে ব্যাংকটি অর্জন করে ‘মোমেন্টাম অ্যাওয়ার্ড—ইস্যুইং ব্যাংক’। ধারাবাহিক এসব স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও এসএমই খাতের অর্থায়নে ঢাকা ব্যাংকের ভূমিকা উঠে এসেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ট্রান্সফর্মিং টুগেদার’ মূলমন্ত্রে ব্যবসার জন্য নতুন সুযোগ সৃষ্টি ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত করতে কাজ করছে ঢাকা ব্যাংক। এডিবিসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের বিকাশ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার অঙ্গীকারও অব্যাহত রেখেছে ব্যাংকটি।










