চীনের আকরিক লোহার চাহিদা হ্রাস এবং বাজারে সরবরাহ বাড়ার পূর্বাভাস নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। এ কারণে ইস্পাত শিল্পের প্রধান ধাতুটির দাম কমে দুই বছরে সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে মঙ্গলবার সবচেয়ে বেশি লেনদেন হওয়া চুক্তিতে আকরিক লোহার দাম ১ দশমিক ১৯ শতাংশ কমে টনপ্রতি ৬৬২ ইউয়ানে লেনদেন হয়। এর আগে দাম ৬৬১ দশমিক ৫ ইউয়ানে নেমে আসে, যা ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। সিঙ্গাপুর এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম ১ দশমিক ১৫ শতাংশ কমে টনপ্রতি ৮৯ ডলার ৪৫ সেন্টে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, চীনে শীত শুরু হওয়ায় কমে এসেছে নির্মাণকাজ। ফলে ইস্পাতের চাহিদা ও উৎপাদন উভয়ই কমেছে। পাশাপাশি ইস্পাত কারখানাগুলোর মুনাফা কম থাকায় উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে চলতি বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আকরিক লোহার সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। বন্দরে মজুদ বেশি থাকায় ইস্পাত কারখানাগুলোও নতুন করে কাঁচামাল কেনার ক্ষেত্রে সতর্ক রয়েছে। এসব কারণে আকরিক লোহার দামে তৈরি হয়েছে নিম্নমুখী চাপ। পাশাপাশি দাম কমেছে কোকিং কয়লা ও কোকের। একই সঙ্গে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে রিবাপ, হট-রোল্ড কয়েলসহ ইস্পাত থেকে তৈরি পণ্যগুলোর দামও কমেছে।