বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য শ্রীলংকার ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। রোববার (২১জানুয়ারি) এফবিসিসিআইর গুলশান কার্যালয়ে শ্রীলংকার হাইকমিশনার মান্যবর ধর্মপাল ওয়েরাক্কোডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
এ সময় মাহবুবুল আলম বলেন, বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। এসব অর্থনৈতিক অঞ্চলে তেল, গ্যাস, বিদ্যুৎসহ সব ধরনের সুবিধা দেয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস, ই-প্ল্যাটফর্মসহ আকর্ষণীয় প্রণোদনা চলমান রয়েছে। শ্রীলংকার ব্যবসায়ীরা তাদের নিজস্ব বা যৌথ উদ্যোগে এখানে শিল্প কারখানা প্রতিষ্ঠা করে লাভবান হতে পারে।
এফবিসিসিআইর সভাপতি বলেন, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, ইকো ট্যুরিজম,
আতিথেয়তা ইত্যাদি বাংলাদেশে ব্যাপক সম্ভাবনাময় খাত। শ্রীলংকার বিনিয়োগকারীরা বাংলাদেশে
বিনিয়োগ করতে চাইলে এফবিসিসিআইর পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।
শ্রীলংকার হাইকমিশনার মান্যবর ধর্মপাল ওয়েরাক্কোডি জানান, শ্রীলংকার
অনেক ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছে যারা বাংলাদেশে ব্যবসা করার জন্য আগ্রহী। বাংলাদেশ থেকে
প্রতিবছর প্রচুর পরিমাণ পর্যটক শ্রীলংকা যান। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর
সময় এসেছে।
এ সময় শ্রীলংকার অর্থনীতি ঘুরে দাড়াতে সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের
ভূমিকার প্রশংসা করেন এফবিসিসিআইর নেতারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শ্রীলংকার হাইকমিশনার কমার্শিয়াল কাউন্সিলর
শ্রীমলী জয়রথনা, এফবিসিসিআই সহ-সভাপতি মিস শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি),
মহাসচিব মো. আলমগীর, উপদেষ্টা মনজুর আহমেদসহ অনেকে।









