চলতি বছরেও মালয়েশিয়ার বেকারত্বের হার
ঊর্ধগামী থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা মালয়েশিয়ান
ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলোপমেন্ট ফাইন্যান্সের (এমআইডিএফ) এক আগাম বার্তায় বলা হয়েছে,
চলতি বছরেও মালয়েশিয়ার বেকারত্বের হার থাকবে ৩ দশমিক ৪ শতাংশ। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
এমআইডিএফের এক গবেষণায় বলা হয়েছে, দেশটির
অর্থনীতিতে পূর্ণ গতি এবং বিশ্ব বাজারে নিজেদের বাণিজ্য পুনরুদ্ধারে ২০২৪ সালে মালয়েশিয়ার
শ্রমবাজার আরো শক্তিশালী ভূমিকা পালন করবে। বিদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান
বৃদ্ধির আশার কথাও জানিয়েছে এই প্রতিষ্ঠান। কোভিড-১৯ মহামারির পর ২০২৩ সালের তৃতীয়
প্রান্তিকে দেশটিতে বিদেশী নাগরিকদের কর্মসংস্থান সংকোচিত হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ।
চলতি বছরে বিশ্ব বাজারে নিজেদের উৎপাদিত
কাঁচামালের দাম কমে যাওয়ায় দেশটির রফতানি খাত পুনরুদ্ধারের চ্যালেঞ্জ রয়েছে। মূলত বৈশ্বিক
রফতানির বাজারে নিজেদের প্রত্যাশা ধরে রাখতে না পারায় শ্রমবাজারেও এর নেতিবাচক প্রভাবের
সম্মুখীন হয়েছে মালয়েশিয়া।
এদিকে এমআইডিএফের বিশ্লেষণ বলছে, দেশটিতে
গড় বেকারত্ব ৩ দশমিক ৪ শতাংশ। গত ডিসেম্বরে কোভিডের পর যার সর্বনিম্ন হার ছিল ৩ দশমিক
৩ শতাংশ। এছাড়া দেশের শ্রমশক্তি এবং কর্মসংস্থান যথাক্রমে ২ এবং ২ দশমিক ৪ শতাংশ। যেখানে
বেকারত্ব হ্রাস পেয়েছে ৮ দশমিক ১ শতাংশ। এছাড়া বিদেশি কর্মী হ্রাস পেয়েছে শূন্য দশমিক
৫ শতাংশ।
গবেষণার পূর্বাভাসে বলা হয়েছে, মালয়েশিয়ার
আভ্যন্তরীণ বাণিজ্য পুনরুদ্ধারে চলতি বছরে দেশটিতে শ্রমবাজারে ১ লাখ থেকে ১ লাখ ২০
হাজার পদ খালি থাকবে। ২০২৩ সালের প্রথম ১১ মাসে যে সংখ্যা ছিল ১ লাখ ১৩ হাজার ৬০০।










