বার্ষিক অতিরিক্ত ১০ কোটি ডলার মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কানাডার সাইবার সিকিউরিটি বিষয়ক প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। এ মুনাফা অর্জনে চাপ পড়ছে প্রতিষ্ঠানটির শ্রমশক্তির ওপর। এরই মধ্যে শ্রমশক্তি কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ব্ল্যাকবেরি। খবর রয়টার্স।

কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, নতুন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে বার্ষিক ৫ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে তারা। এক্ষেত্রে শিগগিরই প্রায় ২০০ কর্মী ছাঁটাই করা হবে। চলতি প্রান্তিকেই (ডিসেম্বর-ফেব্রুয়ারি) এ পরিকল্পনা বাস্তবায়ন হবে। এছাড়া অর্থ সাশ্রয়ের ৩৬টি গ্লোবাল অফিস থেকে ছয়টি বন্ধ করে দেয়া হবে।

সংস্থাটি বলেছে, ২০২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের মধ্যে ইতিবাচক নগদ প্রবাহে ফিরে আসার আশা করছে। এছাড়া গত বছরের ৩০ নভেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে ব্ল্যাকবেরি ২ কোটি ১০ লাখ ডলার ক্ষতির কথা জানিয়েছে।

কোম্পানিটি গত ডিসেম্বরে নিজেদের ইন্টারনেট অব থিংস (আইওটি) ব্যবসাকে আইওপিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছে। ব্যবসাগুলোকে এখন সম্পূর্ণ স্বতন্ত্র রূপ দেয়ার লক্ষ রয়েছে প্রতিষ্ঠানটির। 

ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ বলছে, উভয় বিভাগের নেতৃত্ব দেয়ার জন্য নতুন দল প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে একটি শীর্ষস্থানীয় পরামর্শদাতা সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে এবং ইউনিট আলাদা করার প্রক্রিয়া চলছে।

কোম্পানিটি আরো জানিয়েছে, সাইবার সিকিউরিটি ব্যবসায় অতিরিক্ত কর্মী ছাঁটাইসহ চলতি প্রান্তিকে আরো খরচ কমিয়েছে ব্ল্যাকবেরি। এতে বার্ষিক সঞ্চয় বাড়বে প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার।

সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন ধরনের বাধায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক অর্থনীতি। বিশেষ করে চলমান বৈশ্বিক উত্তেজনা, মূল্যস্ফীতি ও বিনিয়োগের গতি পরিবর্তন সংকটকে আরো ঘনীভূত করছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে ব্যবসা ও চাকরির বাজারে। ফলে আগের দুই বছরের মতো ২০২৪ সালও শুরুতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বৈশ্বিক জায়ান্টগুলো।

জানুয়ারি থেকে বেশকিছু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর সম্মুখ সারিতে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সঙ্গে রয়েছে গণমাধ্যম, স্বাস্থ্য ও সেবা, আর্থিক, প্রাকৃতিক সম্পদ এবং ভোক্তা ও খুচরা খাত।