ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিয়েছে সিটি ব্যাংক। আজ শনিবার (১১ জানুয়ারি) সিটি ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কদিন ধরে কিছু মিডিয়াতে একটি অপপ্রচার চলছে যে সিটি ব্যাংকের গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে। একটি অতি সামান্য প্রযুক্তি ত্রুটিজনিত ঘটনাকে কেন্দ্র করে (যে ঘটনায় ব্যাংকের কোনো আর্থিক ক্ষতি বা গ্রাহকদের আর্থিক কোনোরকম লোকসানের বিষয়ই ছিল না) দেশের একটি সেরা ব্যাংক নিয়ে এ অপপ্রচার কোনোভাবে কাম্য নয়।
সিটি ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়. কয়েকদিন আগে ব্যাংকটির স্টেটমেন্ট পোর্টালে একটি ত্রুটি ঘটে, যাকে আইটির পরিভাষায় বলে ‘সিস্টেম গ্লিচ’ বা ‘বাগ’। এ পোর্টালটি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (টুএফএ) ব্যবহার করে শুধুমাত্র গ্রাহকদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখার জন্য চালু রয়েছে। অর্থাৎ এ ওয়েব পোর্টালে কোনোরকম কোনো আর্থিক লেনদেন ইত্যাদি করবার সুযোগই নেই। গত ২ জানুয়ারি সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণে নিয়োজিত একটি সংস্থার মাধ্যমে সিটি ব্যাংক এ ত্রুটির কথা জানতে পারে। এ ত্রুটির কারণে হ্যাকারেরা গ্রাহকদের মাত্র একটি (বা নগণ্য সংখ্যক কয়েকটি) অ্যাকাউন্টের স্টেটমেন্টে (অ্যাকাউন্টে নয়) ঢুকতে সক্ষম হয়েছিল। অর্থাৎ একজন গ্রাহক বা হ্যাকার এ পোর্টালে নিজের স্টেটমেন্টে ঢুকে তার জানা অন্য গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি দিয়ে সেটার স্টেটমেন্টে যেতে চাইলে আমাদের সিস্টেম আসল গ্রাহকের রেজিস্টার্ড ফোনে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠায়নি। বিষয়টি গোচরে আসা মাত্র সমস্যাটির তাৎক্ষণিক সমাধান করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে ওই পোর্টালের সমস্ত অননুমোদিত সেশন বাতিল করে ত্রুটিটি শুধরে নেয়া হয়। সাইবার নিরাপত্তার ঝুঁকি পর্যবেক্ষণের জন্য এমনিতেই সিটি ব্যাংকের নিয়মিত ব্যবস্থা রয়েছে। আইটি বিভাগে কর্মরত এই ডেডিকেটেড রিয়েল-টাইম মনিটরিং টিমেরও পুনর্বিন্যাস করা হয়।
সিটি ব্যাংক গ্রাহকদেরকে আশ্বস্ত করে জানায়, ব্যাংকের কাছে থাকা তাদের সকল আর্থিক তথ্য সম্পূর্ণ নিরাপদে রয়েছে; হ্যাকাররা কোনোরকম কোনো আর্থিক ক্ষতি ঘটাতে পারেনি; তারা কেবল একটি-দুটি গ্রাহক অ্যাকাউন্ট স্টেটমেন্টই যেতে পেরেছিল; ব্যাংকের মূল ব্যাংকিং সিস্টেমগুলোর কোনোটিই হ্যাকিংয়ের শিকার হয়নি ও গ্রাহকদের কোনো তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হয়নি।
ব্যাংকটি এক্ষেত্রে যেসব ব্যবস্থা নিয়েছে তার প্রেক্ষিতে এ জাতীয় ঘটনা পুনরায় ঘটবার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই এমন নিশ্চয়তা দিয়েছে।










