রানার মোটরস পিএলসি থেকে বাণিজ্যিক যানবাহন ক্রয়ে গ্রাহকদের সহজ অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-র সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। লজিস্টিকস, পরিবহন ও অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) এবং করপোরেট গ্রাহকদের সুবিধাজনক ও সুসংগঠিত অর্থায়ন সেবা দেয়াই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

গুলশানস্থ এমটিবি সেন্টারে গত ২০ সেপ্টেম্বর ব্যাংকের করপোরেট হেড অফিসের ‘এমটিবি সান বোর্ড রুমে’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ এবং রানার মোটরসের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন ফারুক, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে, এসএমই-সিআরএম প্রধান ইফতেখার আজিজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের অধীনে রানার মোটরস বাণিজ্যিক যানবাহন কিনতে ইচ্ছুক সম্ভাব্য এসএমই এবং করপোরেট গ্রাহকদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কাছে রেফার করবে। এছাড়া এটি প্রযোজ্য যোগ্যতা ও নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা সাপেক্ষে, ভবিষ্যতে ইভি (বিদ্যুচ্চালিত) যাত্রীবাহী যানবাহনের অর্থায়নের সুযোগ সৃষ্টিতেও সহায়তা করবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং রানার মোটরসের এই যৌথ উদ্যোগ গ্রাহকবান্ধব সহজ অর্থায়ন সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং অটোমোবাইল খাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।— সংবাদ বিজ্ঞপ্তি