চলতি বছরের শুরু থেকে নভেল করোনাভাইরাসের মহামারীর সঙ্গে লড়াই করছে চীন। এ সময় দেশটির ব্যবসা-বাণিজ্য শ্লথ হয়েছে। স্থবির হয়েছে অর্থনীতি। তবে এ সময় দেশটির জ্বালানি তেল উত্তোলন খাত চাঙ্গা হয়ে উঠেছে। বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) দেশটির কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সাড়ে ৩ শতাংশ বেড়ে ৩ কোট ১৮ লাখ টন ছাড়িয়ে গেছে। তবে উত্তোলন বাড়লেও এ সময় চীনে জ্বালানি তেলের পরিশোধন কমেছে। খবর সিনহুয়া।

চীনের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে দেশটির নিজস্ব কূপগুলো থেকে সব মিলিয়ে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেশি।

তবে উত্তোলন খাত চাঙ্গা থাকলেও চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনে জ্বালানি তেলের পরিশোধন আগের তুলনায় কমে এসেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে চীনে সব মিলিয়ে ৯ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টন জ্বালানি তেল পরিশোধন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ কম।

একই সময় চীনে সব মিলিয়ে ৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল ব্যবহার হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির

ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এক বছর আগে একই সময়ের তুলনায় গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনে পরিশোধিত জ্বালানি তেলের ব্যবহার কমেছে ১৪ দশমিক ১ শতাংশ।

মূলত নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে পরিবহন খাত স্থবির থাকা এবং মানুষ ঘরবন্দি থাকায় চলতি বছরের প্রথম দুই মাসে চীনে পরিশোধিত জ্বালানি তেলের ব্যবহার ১৪ শতাংশের বেশি কমেছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। তবে এখন মহামারী পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে আগামীতে চীনে জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে।