বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) পিএলসির পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মো. আবিদ হোসেন খান ও নুরুন নাহার ওসমানী। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। বিডিবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন পরিচালক আবিদ হোসেন খান একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আর্থিক ব্যবস্থাপনা, কন্ট্রোলারশিপ, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস, কর ব্যবস্থাপনা, ট্রেজারি, ব্যবসায়িক কর্মদক্ষতা ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সে তার ২০ বছরের বেশি পোস্ট-কোয়ালিফিকেশন অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে আবিদ হোসেন খান গ্রামীণফোন, বাংলালিংক, এসটিএস গ্রুপ, ঢাকা স্টক এক্সচেঞ্জসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ ও নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। রাজস্ব ও করনীতি বিষয়ে তার গবেষণা-নিবন্ধ বিভিন্ন একাডেমিক জার্নাল ও জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।
অন্যদিকে পরিচালক নুরুন নাহার ওসমানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে এলএলবি ও ১৯৮৩ সালে এলএলএম সম্পন্ন করেন, পরবর্তী সময়ে বিচার বিভাগে যোগ দেন। দীর্ঘ ৩৩ বছর বিচারিক দায়িত্ব পালনের পর ২০১৬ সালে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন নুরুন নাহার ওসমানী। বিচারক হিসেবে সর্বশেষ শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
অবসরের পর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশের সদস্য ছিলেন নুরুন নাহার ওসমানী। এছাড়া ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ উইমেন জাজেস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।










