সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চল‌তি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) শুকনা মরিচ আমদা‌নি বে‌ড়েছে। এ কারণে অঞ্চলটিতে এক মা‌সের ব‌্যবধা‌নে পাইকারি ও খুচরা বাজা‌রে কে‌জি‌তে পণ্যটির দাম ৫০-৫৫ টাকা পর্যন্ত কমেছে। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে ঘুরে এ তথ্য জানা গেছে।

সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে মঙ্গলবার খুচরায় শুকনা ম‌রিচ বি‌ক্রি হয়েছে প্রতি কে‌জি ৩০০ টাকা দরে, এক মাস আগেও যা ছিল ৩৫০ টাকা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা ব‌ণিক বার্তা‌কে জানান, পাইকারিতেও শুকনা মরিচের দাম কে‌জি‌তে ৩০-৩৫ টাকা পর্যন্ত কমেছে। বাজারে সরবরাহ বৃদ্ধি দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।

এ‌দি‌কে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জুলাই-মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা ম‌রিচ আমদা‌নি হয়েছে ৪৪ হাজার ১২৮ টন, যার মূল্য ছিল ১ হাজার ১৮৯ কো‌টি ২৭ লাখ টাকা। গত অর্থবছ‌রের একই সময় ১ হাজার ৮৬ কো‌টি ৮ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ১৩২ টন শুকনা মরিচ আমদানি হয়েছিল। এ হিসাবে চল‌তি অর্থবছ‌রের নয় মা‌সে পণ্যটির আমদা‌নি বেড়েছে ৯৯৬ টন।