মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যার উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করা হয়েছে। বুয়েটের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি ও সচেতনতা কর্মসূচির আওতায় বিভাগ প্রাঙ্গণে এটি স্থাপন করা হয়। এমজিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জানা যায়, বুয়েটের পুরনো একাডেমিক ভবনে বুধবার পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি ও সচেতনতা কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন। অন্যদিকে ভেন্ডিং মেশিনটি উদ্বোধন করেন এমজিআইয়ের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা, বুয়েটের কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. আমিনুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুসাররাত সুলতানা সুমি, বুয়েটের এমএমই বিভাগের প্রধান অধ্যাপক মো. মুক্তাদির বিল্লাহ এবং এমজিআইয়ের চিফ মার্কেটিং অফিসার কাজী মো. মহিউদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের জাতীয় স্বাস্থ্যবিধি জরিপ অনুযায়ী, বাংলাদেশে পিরিয়ডরত নারীদের মধ্যে মাত্র ২৯ শতাংশ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। এ ব্যবধান কমাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রেশ অনন্যা। বুয়েটের মেশিন থেকে নারী শিক্ষার্থী ও কর্মীরা প্রয়োজনের সময়ে সহজে ও সম্মানজনকভাবে ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন। এতে মোবাইল পেমেন্টের মাধ্যমে বাজারদরের চেয়ে কম মূল্যে ন্যাপকিন কেনার সুযোগ থাকবে।

অনুষ্ঠানে ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, ‘পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি শুধু ব্যক্তিগত অস্বস্তির বিষয় নয়; বরং স্বাস্থ্য, মর্যাদা, আত্মবিশ্বাস ও সমান সুযোগের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়।’ পিরিয়ড একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া হওয়ায় ভুল তথ্য বা সঠিক পণ্যের অভাবে তা কোনো নারীর শিক্ষা, কর্ম বা দৈনন্দিন জীবনে বাধা হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যাপক মুসাররাত সুলতানা সুমি বলেন, ‘পিরিয়ড সম্পর্কে ভুল ধারণা ও সংকোচের কারণে অনেক নারী সঠিক তথ্য বা সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করেন।’ তিনি স্বাস্থ্যসম্মত পিরিয়ড ব্যবস্থাপনা ও প্রয়োজনে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ‘ইঞ্জিনিয়ারিং ফর হার: টুগেদার টুওয়ার্ডস আ বেটার সোসাইটি’ শীর্ষক প্যানেল আলোচনায় নারী শিক্ষার্থীরা চিকিৎসকদের কাছে মাসিক স্বাস্থ্য ও সংশ্লিষ্ট শারীরিক সমস্যা নিয়ে প্রশ্ন করার সুযোগ পান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বুয়েটের স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিরেক্টরেটের পরিচালক অধ্যাপক একেএম মাসুদ, তাজকিয়াতুল ইসলাম মৌ, এমএমই বিভাগের সহযোগী অধ্যাপক তাকিয়ান ফখরুল ও প্রভাষক নবিলা মাহজাবিন রিয়া।