বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগের জন্য শ্রীলংকার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।  

এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে গতকাল শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। এসব অর্থনৈতিক অঞ্চলে তেল, গ্যাস ও বিদ্যুৎসহ সব ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। এছাড়া বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস, ই-প্লাটফর্মসহ আকর্ষণীয় প্রণোদনা চলমান। শ্রীলংকার ব্যবসায়ীরা তাদের নিজস্ব বা যৌথ উদ্যোগে এখানে শিল্প-কারখানা প্রতিষ্ঠা করে লাভবান হতে পারে।’ 

মাহবুবুল আলম আরো বলেন, ‘গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, ইকো ট্যুরিজম, আতিথেয়তা ইত্যাদি বাংলাদেশে ব্যাপক সম্ভাবনাময় খাত। শ্রীলংকার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।’ 

বৈঠকে শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডি বলেন, ‘শ্রীলংকার অনেক ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছে, যারা বাংলাদেশে ব্যবসা করার জন্য আগ্রহী। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ পর্যটক পায় শ্রীলংকা। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর সময় এসেছে।’ 

এ সময় শ্রীলংকার অর্থনীতি ঘুরে দাঁড়াতে সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন এফবিসিসিআইয়ের নেতারা। বৈঠকে শ্রীলংকান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর শ্রীমলী জয়রথনা, এফবিসিসিআই সহসভাপতি শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মহাসচিব মো. আলমগীর, উপদেষ্টা মনজুর আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।