ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির (এনসিসি ব্যাংক) ১২তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) মঙ্গলবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ব্যাংকের সংঘবিধির ধারা ১০৮(১) সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। এনসিসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে ইজিএমে ভাইস চেয়ারম্যান আবদুস সালাম অংশ নেন। পরিচালকদের মধ্যে খায়রুল আলম চাকলাদার (নির্বাহী কমিটির চেয়ারম্যান), মো. মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, তানজিনা আলী (সাবেক ভাইস চেয়ারম্যান), সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার ও নাহিদ বানু এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

সভায় এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে সংঘবিধির উল্লেখিত ধারা সংশোধনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ব্যাংকের পক্ষ থেকে যথাযথ আইনি পরামর্শের আলোকে সম্পাদন করা হয়েছে।’

এ সময় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম ও মো. জাকির আনাম; উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী ছাড়াও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে যোগ দেন ও ভোটাধিকার প্রয়োগ করেন।

সভায় ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পাশাপাশি ব্যাংক খাতে এনসিসি ব্যাংকের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন।