চলতি বছরের মার্চে কম্বোডিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১১ হাজার ৭৫১ টন ড্রাই রাবার রফতানি হয়েছে। এক মাসের ব্যবধানে দেশটি থেকে পণ্যটির রফতানি কমেছে ১৫ শতাংশ। কম্বোডিয়ার রাষ্ট্রায়ত্ত জেনারেল ডিরেক্টরেট অফিসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।
রফতানি কমার কারণে গত মার্চে কম্বোডিয়ার রাবার রফতানিকারকদের আয়েও মন্দা ভাব দেখা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে রাবার রফতানি করে দেশটির রফতানিকারকরা সব মিলিয়ে ১ কোটি ৬৪ লাখ ডলার আয় করেছেন। এক মাসের ব্যবধানে পণ্যটি রফতানি বাবদ আয় কমেছে ১৪ শতাংশ।
এ সময় দেশটি থেকে মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও চীনের বাজারে সবচেয়ে বেশি ড্রাই রাবার রফতানি হয়েছে। মার্চে দেশটিতে পণ্যটির গড় রফতানিমূল্য আগের মাসের তুলনায় টনপ্রতি ১৭ ডলার কমেছে।








