জাপানে আগামী বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমে যাওয়ার পূর্বাভাস মিলেছে। স্থানীয় ও রফতানি বাজারে ইস্পাত পণ্যের চাহিদা দুর্বল হয়ে পড়ায় এমন পূর্বাভাস দিয়েছে দেশটির অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমইটিআই)।
পূর্বাভাসে বলা হয়, আগামী বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত তিন মাসে জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন চলতি বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কমতে পারে। উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ২ কোটি ২১ লাখ টনে।
এক শিল্প সমীক্ষার উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বিশ্বের তৃতীয় শীর্ষ উৎপাদক দেশটিতে ইস্পাতের চাহিদা (স্থানীয় ও রফতানি) গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ কমতে পারে। চাহিদার পরিমাণ দাঁড়াতে পারে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টনে। এ সময় শিল্প ধাতুটির রফতানি কমতে পারে ৭ দশমিক ৪ শতাংশ। রফতানির পরিমাণ দাঁড়াবে ৬১ লাখ ৯০ হাজার টনে।










