পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো। এ অবস্থায় নতুন করে আলোচনায় এসেছে পারমাণবিক শক্তিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো। ইউরোপে এ মুহূর্তে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। দেশটির ৬৯ শতাংশ বিদ্যুৎ আসে এ খাত থেকে। এছাড়া ইউক্রেন, স্লোভাকিয়া ও বেলজিয়ামের মোট বিদ্যুতের অর্ধেকই আসে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। এক্ষেত্রে ইউরোপে সবচেয়ে পিছিয়ে আছে জার্মানি। গত বছরের হিসাব অনুযায়ী, দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের মাত্র ১২ শতাংশ এসেছিল পারমাণবিক বিদ্যুৎ খাত থেকে। ২০০০ সালে জার্মানি পারমাণবিক চুল্লিগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়ার পর থেকে বিদ্যুৎ খাতে এ জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমতে থাকে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিশ্ববাজারে ইউরোপীয় ইউনিয়নের নানা দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়গুলো আবারো আলোচনায় উঠে আসে।