হিলি স্থলবন্দরে আবারো পেঁয়াজের পাইকারি মূল্য কমেছে। ৩ থেকে ৫ টাকা কমে কেজি প্রতি ৩২ থেকে ৩৩ টাকায় বিক্রি হচ্ছে খাদ্যপণ্যটি। আজ বুধবার সরেজমিনে গিয়ে পেঁয়াজের মূল্য সম্পর্কে জানা গেছে।
অথচ দুদিন আগেও কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৮ টাকায়। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আমদানি বাড়ায় পেঁয়াজের পাইকারি মূল্য কমেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়তে থাকলে পেঁয়াজের দাম আরো কমে ৩০ টাকার নিচে চলে আসবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বন্দর দিয়ে ৩৯ ট্রাকে ১ হাজার ১০০ টন পেয়াজ আমদানি হয়েছে। আজও আমদানি হচ্ছে। কাঁচাপণ্য হওয়ায় পেঁয়াজ পঁচে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত খালাসে বন্দর কর্তৃপক্ষ সবধরনের ব্যবস্থা নিয়েছে।










