নভেম্বরে চীনের অ্যালুমিনিয়াম আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। এ তথ্য উঠে এসেছে দেশটির শুল্ক বিভাগের এক প্রতিবেদনে। বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সরবরাহের কারণে ধাতুটির আমদানি চাহিদা কমেছে।

অভ্যন্তরীণ সরবরাহ বাড়ানোর ফলে নভেম্বরে চীনের অ্যালুমিনিয়াম আমদানি এক বছরের আগের তুলনায় ৩৫ দশমিক ৭ শতাংশ কমেছে। তাছাড়া কভিড আক্রান্ত দেশটির অর্থনৈতিক পরিস্থিতির কারণেও কমেছে হালকা ধাতুর চাহিদা।

কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, গত মাসে দেশটিতে সাধারণ অ্যালুমিনিয়ামসহ অগঠিত ও মিশ্রিত অ্যালুমিনিয়াম আমদানি কমেছে প্রায় ২ লাখ ৫৫ হাজার ৭৪৪ টন।

গত বছর বিদ্যুৎ সংকটে দেশটিতে অ্যালুমিনিয়াম উৎপাদন কমে যায়। তবে এ বছর পরিস্থিতির উন্নতি হয়েছে। বিদ্যুৎ সংকট কমে যাওয়ায় বিগলন কেন্দ্রগুলো লক্ষণীয় মাত্রায় অ্যালুমিনিয়াম উৎপাদন বাড়ায়। তাছাড়া চলতি বছর শিল্প ব্যবহারকারীদের ওপর বিদ্যুৎ ব্যবহারের বিধিনিষেধ শিথিলের ফলে চীনের বিগলনকারীরা তাদের উৎপাদন বাড়িয়েছে। সর্বশেষ নভেম্বরে টানা নবমবারের মতো আউটপুট ৩ দশমিক ৪১ মিলিয়ন টনে উন্নীত হয়।

বছরের প্রথম ১১ মাসে, বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক দেশটি ৩৬ দশমিক ৭৭ মিলিয়ন টন উৎপাদন করে, যা ২০২১ সালের একই সময়ের থেকে ৩ দশমিক ৯ শতাংশ বেশি।

তবে কারখানার আউটপুট ধীরগতির এবং খুচরা বিক্রয় কমায় নভেম্বরে চীনের অর্থনীতি কিছুটা গতি হারিয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলোয় কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে অগ্রসর। এক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার কথা বলছেন পরিবেশবিদরা। বিকল্প হিসেবে গুরুত্ব বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির। এ জ্বালানি খাতে অ্যালুমিনিয়ামের ব্যাপক চাহিদা থাকায় উৎপাদন বাড়ছে। অবকাঠামো, পরিবহন, সোলার প্যানেল তৈরিসহ নানা ক্ষেত্রেই ধাতুটির ব্যবহার রয়েছে।

নভেম্বরে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে লেনদেনকৃত অ্যালুমিনিয়ামের গড় ছিল টনপ্রতি ১৮ হাজার ৮৪৫ ইউয়ান (২ হাজার ৭০৩ দশমিক ৪২ ডলার)। অক্টোবরে যা ১৯ মাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে হয় ১৭ হাজার ৭৫৫ ইউয়ান। অর্থাৎ নভেম্বরে আমদানির পরিমাণ আগের মাসের ১ লাখ ৯৬ হাজার ৪৬০ টন থেকে ৩০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি রেকর্ড হয়।

এদিকে প্রথম ১১ মাসে মোট আমদানি ছিল ২ দশমিক ১৩ মিলিয়ন টন, যা গত বছরের একই সময়ের থেকে ২৮ দশমিক ২ শতাংশ কম। অ্যালুমিনিয়াম আকরিকের প্রধান উৎস বক্সাইটের আমদানি গত মাসে ১১ দশমিক ৭৯ মিলিয়ন টনে পৌঁছে, যা অক্টোবরের ৮ দশমিক ৯৮ মিলিয়ন টন থেকে ৩১ দশমিক ৩ শতাংশ এবং গত বছরের নভেম্বরের ৭ দশমিক ৭ মিলিয়ন থেকে ৫৩ দশমিক ৬ শতাংশ বেশি।