ভারতে গমের মজুদ ছয় বছরের সর্বনিম্নে অবস্থান করছে। এর মধ্যেই মজুদ থেকে স্থানীয় বাজারে ২০-৩০ লাখ টন গম সরবরাহ করতে যাচ্ছে দেশটি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
চলতি বছরের মে মাসে ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। বৈরী আবহাওয়ায় উৎপাদন কমে যাওয়া ও রেকর্ড মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর পরও শস্যটির দাম অব্যাহত বাড়ছে। পরিস্থিতি সামাল দিতেই রাষ্ট্রীয় মজুদ থেকে গম সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারি তথ্য বলছে, চলতি মাসের শুরুতে গুদামগুলোয় গমের মজুদ দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ টনে, যা ২০১৬ সালের পর সর্বনিম্ন। গত বছরের একই সময় মজুদ ছিল ৩ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টন। মুম্বাইভিত্তিক ডিলাররা বলছেন, প্রতি মাসেই সরকারের জন্য গমের বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। চার মাসের মধ্যে নতুন গম বাজারে উঠতে পারে। তখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে।










