‘সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। এ চুক্তির ফলে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য স্বল্প সুদে চলতি মূলধন অর্থায়নের সুযোগ আরো বিস্তৃত হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মনির উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক মো. জবদুল ইসলাম।

সচল সিএমএসএমই যারা চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা ব্যবসা পরিচালনা করতে পারছে না এমন প্রতিষ্ঠানগুলোর জন্যবাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার এ আবর্তনশীল তহবিল গঠন করেছে। এ তহবিলের আওতায় যোগ্য উদ্যোক্তারা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে চলতি মূলধন ঋণ পাবেন। ঋণে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড দেয়া যাবে। নবায়নকৃত চলতি মূলধন ঋণের বিপরীতেও পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়া যাবে।

এ চুক্তির মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্স এই তহবিলের অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান (পিএফআই) হিসেবে যুক্ত হলো। ফলে প্রতিষ্ঠানটি এখন সরাসরি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় স্বল্প ব্যয়ের পুনঃঅর্থায়ন সুবিধা পৌঁছে দিতে পারবে। এতে উৎপাদন পুনরুদ্ধার, কর্মসংস্থান রক্ষা এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।— সংবাদ বিজ্ঞপ্তি