চীনের গ্যাসোলিন ও ডিজেল রফতানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। গত মাসে এসব পণ্য রফতানি বেড়ে পৌঁছেছে পাঁচ মাসের সর্বোচ্চে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস।
সংশ্লিষ্টরা বলছেন, পরিশোধন কেন্দ্রগুলো চলতি বছরের রফতানি কোটা পরিপূর্ণ করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে নভেম্বরে বিপুল পরিমাণ ডিজেল ও গ্যাসোলিন রফতানি করা হয়। বাড়তে থাকা মজুদ কমানোর উদ্যোগও এক্ষেত্রে ভূমিকা রেখেছে।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, গত মাসে চীন ২১ লাখ টন ডিজেল রফতানি করে, যা অক্টোবরের তুলনায় দ্বিগুণ এবং গত বছরের একই সময়ের তুলনায় ছয় লাখ টন বেশি। অন্যদিকে গ্যাসোলিন রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৯০ হাজার টনে। এক মাস আগে দেশটি ১০ লাখ টন এবং গত বছরের একই সময় ৮ লাখ ১০ হাজার টন গ্যাসোলিন রফতানি করেছিল।










