চলতি অর্থবছরে ভারতের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে। এপ্রিল-নভেম্বরে এ খাতে আমদানি প্রায় ৫২ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ১৪ হাজার ৬৫৭ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে গত অর্থবছরে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে দেশটির ব্যয় হয়েছিল ৯ হাজার ৬০৬ কোটি ডলার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত এক উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য হিন্দু বিজনেসলাইন ডটকম।
শুধু নভেম্বরে ভারতের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে। ফলে নভেম্বরে এ খাতে ব্যয় হয়েছে ১ হাজার ৫৭০ কোটি ডলার। যেখানে আগের বছরের একই সময়ে হয়েছিল ১ হাজার ৪২৪ কোটি ডলার।
অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়লেও এ আট মাসে দেশটির পেট্রোলিয়াম রফতানি বেড়েছে। এ সময়ে এটি ৫৮ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৬ হাজার ২৬৫ কোটি ডলার আয় করেছে দেশটি। তবে নভেম্বরে পেট্রোলিয়াম রফতানি ২ শতাংশ কমায় আয় ৫৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এদিকে এপ্রিল-নভেম্বরে কয়লা ও কোক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৭২৫ কোটি ডলারে পৌঁছেছে।










