সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল চেম্বার কনফারেন্স হলে অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, সিলেট অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সিলেট চেম্বার কাজ করছে। আমরা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছি। বর্তমান কমিটি গত ১ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর মাত্র তিন মাসে অনেকগুলো উল্লেখযোগ্য কার্যক্রম সম্পন্ন করেছে। যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ এবং বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা, পর্যটন ও রেলসেবার উন্নয়নে পর্যটন ও রেল মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ, বিসিক শিল্পনগরী সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা, রফতানিকারকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ইন্ডিয়া বাংলাদেশ স্টেকহোল্ডার্স মিটে যোগদান, মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং, প্রবাসী বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন সংগঠন ও বিদেশী বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময়, সিলেট জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ব্যবসায়ীদের ভ্যাট-ট্যাক্স, আমদানি-রফতানি, পরিবেশগত এবং অন্যান্য সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অন্যতম।
সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. এমদাদ হোসেন, মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মো. আতিক হোসেন, মো. নজরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, শমশের জামাল, সাবেক সহসভাপতি হাজি মো. দিলওয়ার হোসেন, নির্বাচন বোর্ড ২০১৯-এর সদস্য অ্যাডভোকেট মো. জুনেল আহমদ ও সিলেট চেম্বারের সদস্যরা।










