চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে রাজস্ব আয় বেড়েছে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেয়া লক্ষ্যমাত্রা ছাড়িয়েও গত দুই মাসে। এ বন্দরটি প্রায় ৩৮ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে, যা গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায়ও ৫৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি। ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছে, তাই রাজস্ব আয় বেড়েছে বলে জানান বন্দরসংশ্লিষ্টরা।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, এনবিআর কর্তৃক চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ভোমরা স্থলবন্দরের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১১১ কোটি ২৭ লাখ টাকা।। এর মধ্যে জুলাইয়ে ৪৫ কোটি ২৬ লাখ ও আগস্টে ৬৬ কোটি শূন্য ১ লাখ টাকা। সেখানে গত দুই মাসে রাজস্ব আদায় হয়েছে ১৪৯ কোটি ২৩ লাখ ৭ হাজার ৫৫২ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৬০ কোটি ৮৬ লাখ ৭ হাজার ৫৫২ এবং আগস্টে ৮৮ কোটি ৩৭ লাখ টাকা, যা দুই মাসের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়েও ৩৭ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫৫২ টাকা বেশি।
একই সঙ্গে গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৫৪ কোটি ৪৬ লাখ টাকা। সূত্রটি আরো জানায়, গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব হয়েছিল এ বন্দরে ৯৪ কোটি ৭৭ লাখ। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৫৫১ টাকা এবং আগস্টে ৫০ কোটি ৩ লাখ টাকা।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু বণিক বার্তাকে জানান, ব্যবসা-বাণিজ্যে তথা আমদানি-রফতানিতে খুবই সম্ভাবনাময় ভোমরা বন্দর। গত দুই মাসে সরকারের রাজস্ব বেড়েছে। তবে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের যদি সব ধরনের বৈধ পণ্য আমদানির সুযোগ দেয়া হতো তাহলে আরো অনেকাংশে রাজস্ব আয় বাড়ত বলে জানান তিনি। এ ব্যাপারে ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত উচ্চমান সহকারী তুষার রায় চলতি অর্থবছরের গত দুই মাসে রাজস্ব আয় বাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমদানি-রফতানি বাড়ায় রাজস্ব আয় বেড়েছে।’










